
মোঃ আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
বাংলাদেশের ব্যবসায়ী পরিবার PHP Family-এর চার সদস্য একইসঙ্গে চার দেশের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁরা ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, রুয়ান্ডা ও মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশে।
PHP Family-এর চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইন্দোনেশিয়ার অনারারি কনসাল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল জেনারেল, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন রুয়ান্ডার অনারারি কনসাল এবং PHP Automobiles-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ মালয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে তাঁদের অভিজ্ঞতা অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালনে বাড়তি গুরুত্ব বহন করছে। বিশেষ করে দেশের প্রধান সমুদ্রবন্দর ও বাণিজ্যিক নগরী চট্টগ্রামকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রযুক্তি ও শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি, রুয়ান্ডার নতুন বাজারে বাংলাদেশের ব্যবসার সুযোগ সৃষ্টি এবং মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও শ্রমবাজার সংশ্লিষ্ট যোগাযোগ জোরদারে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মোহাম্মদ মহসিন TIMES-কে বলেন, “একই পরিবারের চারজন কূটনৈতিক দায়িত্বে থাকা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
তিনি বলেন, অনারারি কনসালের দায়িত্ব শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। এসব নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার পর্যালোচনার মধ্য দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হয়।
ব্যবসায়িক অভিজ্ঞতার সঙ্গে কূটনৈতিক দায়িত্বের এই সমন্বয় চার দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply