
পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরীতে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রিকশাচালক অপু বিশ্বাসের মাটির ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন, পটিয়া।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রিকশাচালক অপু বিশ্বাসের হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শফিকুল আলম বশর এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ জালাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সহায়তা প্রদানকালে মানবতার বন্ধন পটিয়ার সভাপতি শফিকুল আলম বশর বলেন, “মানুষ মানুষের জন্য। বিপদে-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সাম্প্রতিক বন্যায় রিকশাচালক অপু বিশ্বাসের মাটির ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন। তাঁর ঘরটি মেরামতের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে অনেক পরিবারের দুঃখ-কষ্ট লাঘব করা সম্ভব হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের দুর্ভোগ অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের মতো শ্রমজীবী মানুষের পক্ষে নিজেদের ঘরবাড়ি মেরামত করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় সম্মিলিত মানবিক উদ্যোগ তাদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।
স্থানীয়রা মানবতার বন্ধনের এ ধরনের মানবিক উদ্যোগকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বড় মহৎ কাজ হিসাবে দেখছেন।
Leave a Reply