
পটিয়া প্রতিনিধি।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া-শিকলবাহা এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) এর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯ টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে শিকলবাহা ক্রসিং টাওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পটিয়া হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী দ্রুতগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পটিয়া থেকে মইজ্জ্যারটেকগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন। পরে খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ ও কর্ণফুলি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আহত অন্তত ৩৫ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply