
বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে আটক করে মারধরের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার দায়িত্বরত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার এ ঘটনা ঘটে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, ভোরে কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করেন আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবক। এ সময় কারখানার লোকজন তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হাসপাতাল চত্বর থেকে কারখানার মানবসম্পদ বিভাগের ম্যানেজার মো. মোশাররফসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে আটক করে মারধরের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।
খবর নিয়ে জানা যায় মৃত ভিকটিম এর নাম আছমত আলী, পিতা-ইয়াকুব আলী, সাং-লাকেরা, কালারপুল, ৪ নং ওয়ার্ড, ইউনিয়ন-কোঁলাগাও, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম।
Leave a Reply