
পটিয়া প্রতিনিধি
পটিয়ায় ট্রাকের ধাক্কায় সজীব দে (৪৫) নামে এক টমটমযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইসমাঈল (৬০) নামে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ভাইয়ের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব দে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকার হরিপদ দের ছেলে এবং পেশায় ডেকোরেশনের দোকানের কর্মচারী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক পটিয়ার ভাইয়ের দিঘী এলাকায় পৌঁছালে একটি টমটমকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায় এবং দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত সজীব দে ও মো. ইসমাঈলকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক সজীব দেকে মৃত ঘোষণা করেন।
নিহত সজীব দের প্রতিবেশী অভি দে জানান, তাঁর কাকা সজীব দে একটি ডেকোরেশনের দোকানে চাকরি করতেন। সোমবার হাইদগাঁও সাতগাউছিয়া দরবার এলাকায় কাজ শেষ করে টমটমযোগে বাড়ি ফিরছিলেন তিনি। ভাইয়ের দিঘী পাড় এলাকায় পৌঁছালে তাঁদের টমটমে ট্রাকটি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে পরে সজীবের মৃত্যু হয়। তাঁর দুই ছেলে সন্তান রয়েছে বলেও জানান অভি দে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply