
মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
নগরের খুলশী থানার আমবাগান এলাকায় হিজড়া সম্প্রদায়ের এক গুরুমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২)। আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকালে আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন মাসুদ কলোনির নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় রহস্যজনক দাগ থাকায় ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজ কক্ষে মৌসুমী হিজড়াকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে খুলশী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় আঘাতের চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
হিজড়া সম্প্রদায়ের লোকজন ও প্রতিবেশীদের ধারণা, এটি একটি পরিকল্পিত ঘটনা হতে পারে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
খুলশী থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply