
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরীর নামী বেসরকারি হাসপাতাল সিএসসিআর (CSCR)-এ কর্তব্যরত নার্সের চরম অবহেলা ও গাফিলতিতে এক নবজাতকের জীবন এখন সংকটাপন্ন। প্রসূতি মায়ের জন্য নির্ধারিত একটি কড়া ডোজের ইনজেকশন ভুলবশত মাত্র কয়েকদিন বয়সী এক নবজাতক শিশুর শরীরে পুশ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে তাকে দ্রুত নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত নার্স হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে এক প্রসূতি নারী সিএসসিআর হাসপাতালে সন্তান প্রসব করেন। ঘটনার দিন নার্সের ওই মায়ের একটি নির্দিষ্ট ইনজেকশন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তব্যরত নার্স কোনো প্রকার নিয়মকানুন না মেনে এবং ওষুধের গায়ে লেখা নাম না দেখেই মায়ের জন্য আনা ইনজেকশনটি সদ্যজাত শিশুর শরীরে পুশ করে দেন।
ভুল ওষুধ শরীরে প্রবেশের পরপরই শিশুটির ছটফটানি শুরু হয় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, বড়দের ওষুধ শিশুর শরীরে প্রবেশ করায় তার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। বর্তমানে শিশুটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
এদিকে এই নজিরবিহীন ভুলের বিষয়টি জানাজানি হতেই হাসপাতালে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর স্বজনরা ক্ষোভে ফেটে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। তবে বেগতিক দেখে অভিযুক্ত নার্স কর্তব্যরত অবস্থা থেকেই হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply