
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ২০২৭ সালের জাতীয় সভাপতি পদে প্রার্থী হয়েছেন বান্দরবান জেলার কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান। দীর্ঘদিন ধরে এপেক্স আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে মানবিক সেবা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি ইতিমধ্যে দেশব্যাপী পরিচিতি অর্জন করেছেন।
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজের কল্যাণে কাজ করাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে নিয়েছেন তিনি। এপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকালে সেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সংগঠনের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নুরুল আমিন চৌধুরী আরমান।
২০২৬ সালে তিনি এপেক্স বাংলাদেশের জাতীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ক্লাব সভাপতি, জেলা গভর্নরসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে নিজের নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক যোগ্যতা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন। দেশ-বিদেশে এপেক্সের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে অর্জন করেছেন অভিজ্ঞতা ও সাফল্য।
এপেক্সের মূল দর্শন মানবসেবা ও নেতৃত্ব বিকাশকে ধারণ করে তিনি তৃণমূল পর্যায়ের এপেক্সিয়ানদের আরও সক্রিয় ও সংগঠনের মূলধারায় সম্পৃক্ত করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বের অন্যতম লক্ষ্য হলো, সংগঠনের প্রতিটি ক্লাবকে আরও গতিশীল করা, নতুন নেতৃত্ব তৈরি, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং মানবিক সেবামূলক কার্যক্রমকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া।
নুরুল আমিন চৌধুরী আরমান মনে করেন, একটি সেবামূলক সংগঠনের প্রকৃত সাফল্য শুধু সাংগঠনিক পদ-পদবিতে নয়, বরং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মধ্যেই নিহিত। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাও এপেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
তাঁর দীর্ঘ সাংগঠনিক পথচলায় ক্লাব, জেলা ও জাতীয় পর্যায়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আগামী দিনের নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী তাঁর সমর্থক এপেক্সিয়ানরা। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সদস্যদের মতামত, প্রত্যাশা ও স্বপ্নকে জাতীয় পর্যায়ে গুরুত্ব দেওয়ার বিষয়টি তাঁর প্রার্থিতার অন্যতম প্রত্যয় হিসেবে সামনে এসেছে।
জাতীয় সভাপতি পদে প্রার্থিতা প্রসঙ্গে এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, “পৃথিবীতে মানুষের জন্য কাজ করতে পারা সৃষ্টিকর্তার অনেক বড় রহমত। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মধ্যে যে আত্মতৃপ্তি রয়েছে, তা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এপেক্সের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এবার তৃণমূল পর্যায়ের এপেক্সিয়ানদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে আরও বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যয়ে জাতীয় সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমি সকল এপেক্সিয়ানের আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এপেক্স বাংলাদেশকে আরও শক্তিশালী, গতিশীল ও মানবিক সেবামূলক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের সমন্বয়ে নুরুল আমিন চৌধুরী আরমানের এই প্রার্থিতা এপেক্স বাংলাদেশের আগামী দিনের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তাঁর প্রত্যাশা, পদ-পদবির ঊর্ধ্বে উঠে প্রত্যেক এপেক্সিয়ান মানুষের কল্যাণে কাজ করবেন এবং সংগঠনের সেবার পরিধি আরও বিস্তৃত করবেন।
Leave a Reply