
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর তালতল এলাকায় একটি সামাজিক কবরস্থানের পাশ থেকে মোহাম্মদ ওরফে দেলোয়ার (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহত দেলোয়ার কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার আলী আহমদের ছেলে। তিনি আনোয়ারার উত্তর বন্দর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৩টার দিকে দেলোয়ার কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপর আর বাসায় ফিরে আসেননি। আজ সকালে স্থানীয় বাসিন্দারা কবরস্থানের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে আনোয়ার থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply