
পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে মাদক, জুয়া ও অন্যান্য কিশোর অপরাধের বিরুদ্ধে সমাবেশ করেছেন এলাকাবাসী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এলাকার যুবসমাজকে মাদক ও জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম, জিয়া উদ্দিন জনি, আবদুর রশিদ, হেলাল খান, নাজিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
স্থানীয় তৌহিদুল ইসলাম বলেন, “এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আমরা চাই, নাইখাইনকে মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে।”
সম্প্রতি নাইখাইন গ্রামে বেশ কয়েকটি চুরিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। এসব অপরাধ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
Leave a Reply