
পটিয়া প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
তিনি বলেন, বিএনপি সরকার সব সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। তাঁরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে পটিয়া সদরের থানার মোড়স্থ শ্রীশ্রী গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এনামুল হক এনাম এমপি বলেন, বিগত সময়ে সনাতন সম্প্রদায়ের লোকজনকে আমাদের সম্পর্কে ভুল বোঝানো হয়েছিল। আমরা সেই ভুল ভাঙাতে এসেছি। বিএনপি সরকার সব সময় সনাতন সম্প্রদায়ের পক্ষে রয়েছে।
এখনো ষড়যন্ত্র হচ্ছে দাবি করে এমপি এনাম বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো দুষ্কৃতকারীকে পূজামণ্ডপের আশপাশে দেখতে পেলে ৯৯৯ নম্বরে ফোন দেবেন। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু আপনাদের (সনাতন সম্প্রদায়) দেখতে চট্টগ্রামে আসবেন। তিনি নির্বাচনের আগে ও পরে দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সনাতন সম্প্রদায়ের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সব সময় সনাতন সম্প্রদায়ের পাশে থেকেছি। ইতিমধ্যে পটিয়ায় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গোৎসব আয়োজন কমিটির সভাপতি শ্রী তপন ধরের সভাপতিত্বে এবং জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন পুলক কান্তি চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মইনুল আলম ছোটন, বিএনপি নেতা আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সদস্যসচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, রুপন কান্তি দাশ গুপ্ত, শ্যামল কান্তি দে, দেবাশীষ ধর বাপন, প্রিয়ব্রত দাশ, রিগ্যান নন্দী ও রুপন মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর হাতে শারদীয় উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
Leave a Reply