
নিজস্ব প্রতিবেদক –
চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে অক্টোবর মাসের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে পেশাগত দক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্সে (অপরাধ পর্যালোচনা সভা) অক্টোবর মাসের পারফরম্যান্স বিবেচনায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সাফল্য ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার, সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধী ও পলাতক আসামি গ্রেফতারে উল্লেখযোগ্য অবদান রাখা পুলিশ সদস্যদেরও সম্মানিত করা হয়।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে বলেন, এ অর্জন শুধু তাঁর একার নয়; ভূজপুর থানা ও তদন্তকেন্দ্রে কর্মরত সব কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সাফল্যে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও জানান, পুলিশের দায়িত্ব পালনে সহকর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সহযোগিতাই এ অর্জন সম্ভব করেছে। ভবিষ্যতেও এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Leave a Reply