1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা বোয়ালখালীতে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী মামলায় তিন নেতাকর্মী গ্রেপ্তার বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি।

দুবাই প্রবাসী সাংবাদিককে হত্যার হুমকি, বিভিন্ন সংগঠনের নিন্দা

  • সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৫ পঠিত

 

ইউএই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত বাংলাদেশি সাংবাদিক নওশের আলম চৌধুরী সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। একই সঙ্গে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নওশের আলম চৌধুরী সুমন সংযুক্ত আরব আমিরাতে গ্লোবাল টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা, ভিসা জটিলতা, শ্রমবাজার, রেমিট্যান্স, প্রবাসীদের হয়রানি, দূতাবাস ও কনস্যুলেটের সেবা এবং বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে তিনি সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে আসছেন। পাশাপাশি নিজ এলাকায় সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছেন।

ব্যক্তিজীবনে নওশের আলম সুমন বিবাহিত। তার স্ত্রী শারমিন নাহার এবং দুই সন্তান সিয়াম ও সিফাত বাংলাদেশে বসবাস করেন। পরিবারের অভিযোগ, দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস এবং এলাকায় সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কাজে যুক্ত থাকার ক্ষেত্রেও তারা নানা বাধা ও হয়রানির মুখোমুখি হচ্ছেন।

পরিবারের অভিযোগ, রংপুর সদর উপজেলার পাগলাপীর মহাদেবপুর পশ্চিমপাড়া এলাকায় মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জমিকে কেন্দ্র করে ২০১৮/১৯ সাল থেকে বিরোধের সূত্রপাত। ওই জমি মসজিদের কাজে ব্যবহারের উদ্দেশ্যে ভরাট করার পর একটি পক্ষের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বাধা, হুমকি, হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এসব ঘটনার জেরে একাধিক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগের পরিস্থিতিও তৈরি হয়েছে বলে তারা জানান।

পরিবারের আরও অভিযোগ, নওশের আলম সুমন দেশে ফিরলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শারমিন নাহার রংপুর কোতোয়ালী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সন্তোষজনক অগ্রগতি জানতে পারেননি বলে দাবি পরিবারের। স্থানীয় থানা পুলিশ থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রতিকার চেয়েও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

এদিকে এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিক সংগঠনগুলোও পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম, ইউএই-এর বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিকের পেশাগত পরিচয় কিংবা ব্যক্তিগত কোনো বিরোধের কারণে তার জীবন ও পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে না। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায় সংগঠনটি।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর পক্ষ থেকে বলা হয়, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তদন্তে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় সংগঠনটি।

অন্যদিকে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) তাদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জানায়, প্রবাসে কর্মরত কোনো বাংলাদেশির পরিবার দেশে অনিরাপদ অবস্থায় থাকতে পারে না। নওশের আলম সুমনের স্ত্রী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায় সংগঠনটি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইয়াকুব সুনিক। তিনি বলেন, “একজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা তার কষ্টের টাকা দিয়ে দেশে সামাজিক উন্নয়নে কাজ করবে, এতে তাকে বাধা দিয়ে হুমকি-ধমকি দেওয়া, এটা খুবই দুঃখজনক।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিনও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। সরকারের কাছে দাবি জানাই, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশে তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা ও হুমকি প্রদানের ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন। তারা মনে করেন, কোনো ব্যক্তিগত বা জমিসংক্রান্ত বিরোধ থাকলে তা আইন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। হুমকি, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে কাউকে দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদকারীরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছেন। এসব কাজে কেউ বাধা বা হুমকির শিকার হলে তার সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, নওশের আলম সুমনের স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট