
পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় পাহাড়ি এলাকায় বাগানে যাওয়ার পথে ২৫ জন কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব হাইদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন। অপহৃতদের সবাই হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
অপহরণের অভিযোগের শিকার কৃষকদের মধ্যে জসিম উদ্দিন (৪৫), ফরমান উদ্দিন (৩৫), আবদুল মন্নান (৪৮), জয়লাল আবেদিন (৩৬), আবদুল গনি (৩৫) ও মোহাম্মদ জাফর (২৬)-এর নাম জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, সকালে পাহাড়ে বাগানের কাজে যাওয়ার সময় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র দল কৃষকদের জিম্মি করে পাহাড়ের গহিন এলাকায় নিয়ে যায়। এ সময় দুইজন কৃষক কৌশলে পালিয়ে বাড়িতে ফিরে আসেন।
অপহৃত এক কৃষকের পরিবারের সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অপহরণকারীরা মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেছে। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বিকাশের মাধ্যমে ৮০ হাজার টাকা পাঠানো হয়েছে। তবে টাকা দেওয়ার পরও ওই কৃষক এখনো ফিরে আসেননি বলে দাবি পরিবারের। ওই পরিবারের সদস্য আরও বলেন, বিষয়টি পুলিশ বা গণমাধ্যমকে জানানো হলে অপহৃতদের ওপর হামলার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, এর দুইমাস আগেও হাইদগাও পাহাড়ি এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণ দিয়ে তাঁরা ফিরে আসেন এবং পাহাড়ি এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলেও অভিযোগ তাঁদের।
এদিকে কৃষকদের অপহরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং পাহাড়ি এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অপহৃত কৃষকদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
তবে এ ঘটনায় জানাতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক জানায় ‘এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। তবে গোয়েন্দা সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে।’
Leave a Reply