
পটিয়া প্রতিনিধি
ঐতিহ্যবাহী শাহ আমির উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী মফিজুর রহমানকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মিলনায়তনে আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেন। এ সময় বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষিকা আমেনা বেগম। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন শিক্ষক মাহবুব আলম ও জনি ভট্টাচার্য।
সংবর্ধনার জবাবে নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মফিজুর রহমান বলেন, “আমি এই বিদ্যাপীঠেরই একজন প্রাক্তন ছাত্র। আধ্যাত্মিক শরাফতের প্রতীক আমিরুল আউলিয়া হযরত আমিরুজ্জামান শাহ (রহ.)-এর পুণ্য নামে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দায়িত্ব পাওয়া আমার জন্য পরম আনন্দের ও গর্বের। বিদ্যালয়ের হারিয়ে যাওয়া অতীত গৌরব ও সুনাম ফিরিয়ে আনতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সম্মানিত শিক্ষকবৃন্দকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি, আমাদের শিক্ষার্থীরাও পড়ালেখায় মনোযোগী হয়ে বিদ্যালয়ের জন্য অনন্য ফলাফল উপহার দেবে।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা মফিজুর রহমানের শিক্ষানুরাগী ও দক্ষ ব্যক্তিত্বের প্রশংসা করেন। তারা বলেন, তাঁর সুচিন্তিত দিকনির্দেশনা ও যোগ্য নেতৃত্বে শাহ আমির উচ্চ বিদ্যালয় আরও এগিয়ে যাবে। একই সঙ্গে বিদ্যালয়ের হারিয়ে যাওয়া গৌরব ও সুনাম পুনরুজ্জীবিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আলমগীর আলম, হাসান মানিক ও মিজানুর রহমান।
এ ছাড়া শিক্ষক পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন নুরুন্নাহার বেগম, খুরশীদা বেগম, আরিফুল ইসলাম, পিয়াল বড়ুয়া, সাদিকুল ইসলাম, বিশা খা ও নুসরাত জাহান পলাশীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
Leave a Reply