
মোঃ মনিরুল ইসলাম রিয়াদ স্টাফ রিপোর্টার :
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রসার ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৬।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হলো—কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়। ২০১১ সালে যাত্রা শুরু করা এ ফাউন্ডেশনের আয়োজনে এবারের পরীক্ষায় চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকার ১৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিনের রাজনৈতিক সচিব এম আকবর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-তথ্য, গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ এবং ফাউন্ডেশনের মহাসচিব রাকিব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমজাদ হোসেন এবং ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারজানা নাসিম।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন মো. জিয়াবুল হোসেন এবং সহকারী হল সুপার ছিলেন পাপিয়া সুলতানা। অন্যদিকে, কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্বে ছিলেন মো. আলী আক্কাস এবং সহকারী হল সুপারের দায়িত্ব পালন করেন মো. হোসেন রানা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনায় সক্রিয় সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়ালেখায় আরও আগ্রহী ও প্রতিযোগিতাপূর্ণ মনোভাব সম্পন্ন করে গড়ে তুলতেই প্রতিবছর এই বৃত্তির আয়োজন করা হয়, যা আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply