
মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ।
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম নগরের অন্যতম বৃহৎ পাইকারি ও খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারের ‘মেসার্স ফজল দিন ইকবাল দিন’ (ইকবাল স্টোর) নামক প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অননুমোদিত প্রসাধনসামগ্রী, নকল ডানো ক্রিম দুধ, নিষিদ্ধ কাশ্মীরি মরিচ এবং খাবারে ব্যবহারের জন্য ক্ষতিকর শিল্পকারখানার রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) বিক্রি করা হচ্ছিল। এ ছাড়া পণ্যের ক্রয়-বিক্রয়ের রসিদ বা ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জব্দকৃত নকল ও ক্ষতিকর পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
একই বাজারে অবস্থিত ‘পূরবী হোটেল’-এ অভিযান চালিয়ে দেখা যায়, ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ করা হয়েছে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে। এমনকি গ্রাহকদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের সাথে রান্না করা মাংস মিশিয়ে রাখার মতো গুরুতর অনিয়মের প্রমাণ মেলে। এই অপরাধে হোটেল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ ছাড়া রিয়াজউদ্দিন বাজারের ‘বিসমিল্লাহ ঝাল বিতান’-এ দীর্ঘদিনের ব্যবহৃত পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে ভাজাপোড়া তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে নকল ও ভেজাল পণ্যের দৌরাত্ম্য ঠেকাতে তাঁদের এই নিয়মিত তদারকি অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী ভোক্তাদের সাথে প্রতারণা করলে বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply