
আলমগীর আলম, পটিয়া।
পটিয়া পৌরসদরের ছন্দা সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি কুলিং কর্নারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে পটিয়া সদরের ছন্দা সড়কে সোনালী ব্যাংকের নিচে অবস্থিত ‘আল মারুয়া কুলিং কর্নার’-এ এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে হঠাৎ দোকানের ভেতরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। এতে দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দোকানের ভেতরে থাকা কেউ হতাহত না হলেও আতঙ্কে রাস্তায় থাকা এক নারী অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত পটিয়া নিউরন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেজ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করে জানানো হবে।
এদিকে পটিয়া শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply