
আলমগীর আলম,পটিয়া।
পটিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২৬ ও ২৭ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এ মহাসম্মেলন ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে জামিয়া কর্তৃপক্ষ। সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, ওলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদদের পাশাপাশি প্রায় দুই লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা।
সম্মেলনে আগত অতিথি ও মুসল্লিদের জন্য ব্যাপক মেহমানদারির ব্যবস্থা রাখা হচ্ছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট আলেমরা এতে অংশ নেবেন। বাংলাদেশের পক্ষ থেকে সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কুরাইশী, হাফিজুর রহমান কুয়াকাটা ও মাওলানা জুনাইদ আল হাবিবসহ দেশবরেণ্য আলেমদের।
এদিকে সম্মেলন সফল করতে প্রস্তুতি ও পরামর্শ সভা করেছে জামিয়া কর্তৃপক্ষ। সভায় সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা, অতিথিদের অভ্যর্থনা, আগত মুসল্লিদের থাকা-খাওয়া এবং শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হোসাইন অদুদি বলেন, এবারের সম্মেলনটি জামিয়ার ৮৭তম বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।
এতে প্রায় দুই লাখ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। আগত অতিথি ও ধর্মপ্রাণ মানুষের মেহমানদারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্মেলন সফল করতে তিনি দেশবাসী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
জামিয়া কর্তৃপক্ষের প্রত্যাশা, এবারের মহাসম্মেলন ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিসের বয়ান ও ইসলামী শিক্ষার প্রচারের পাশাপাশি দেশ-বিদেশের আলেম-ওলামা, সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও ধর্মপ্রাণ মানুষের এক বৃহৎ মিলনমেলায় পরিণত হবে।
Leave a Reply