
চন্দনাইশ প্রতিনিধি:-
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার।
মৎস্য কর্মকর্তা তানভীর আহসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও খামারিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত বাংলাদেশের কৃষি অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার অন্যতম প্রধান চালিকাশক্তি। গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দুধ, মাংস, ডিম ও চামড়াজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদকে রপ্তানিমুখী খাতে রূপান্তর করতে হলে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ প্রদান, মানসম্মত পশুখাদ্যের সহজলভ্যতা, নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত ভেটেরিনারি চিকিৎসা সেবা এবং স্থিতিশীল বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ও পশুপাখির রোগবালাই মোকাবিলায় খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা জরুরি। খামারিরা যেন ন্যায্যমূল্য পান এবং প্রতারণার শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply