
রেজা মোহাম্মদ জামশেদঃ
পুঁথি ও লোকসাহিত্যের বিশিষ্ট সংগ্রাহক মুহাম্মদ ইসহাক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত২৭ নভেম্বর চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ হুলাইনস্থ আব্দুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টার মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএর সাবেক প্রকৌশলী এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ, দক্ষিণ জেলার সহসভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, শাহগদী মার্কেট শাখার সভাপতি আবুল কালাম সাদা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভা সঞ্চালনা করেন সাংবাদিক ও শিশুসাহিত্যিক ইসমাইল জসীম। শুভেচ্ছা বক্তব্য দেন আব্দুল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টারের আহ্বায়ক কুতুবউদ্দিন (রোকন) সাদা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মরহুমের সন্তান ব্যাংকার ফারুক খান চৌধুরী, শিক্ষক ইফতিকার উদ্দিন চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রেজা মোহাম্মদ জামশেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবু তৈয়ব বলেন, ১৯৮২ সাল থেকে ২০২০ সালের ২৩ নভেম্বর পর্যন্ত তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি শাখায় বিবলিওগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে মুহাম্মদ ইসাহাক চৌধুরী চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে প্রাচীন ও দুষ্প্রাপ্য বাংলা পুঁথি, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অখ্যাত ও অনালোচিত কবি-সাহিত্যিকদের পরিচয়, সুফি সাধক, আঞ্চলিক সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সংগ্রহ ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি, লোকজ খেলাধুলা, ঐতিহ্য, প্রাচীন স্থাপনা, ঐতিহাসিক স্থান ও প্রত্নকীর্তি নিয়ে তাঁর অনুসন্ধান ও গবেষণা ছিল উল্লেখযোগ্য। এ ছাড়া তিনি প্রাচীন কোরআন শরিফ ও এর পাণ্ডুলিপি সংগ্রহেও বিশেষ আগ্রহী ছিলেন। কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় পটিয়া তথা চট্টগ্রামের গুণীজন ও মনীষীদের জীবন ও কর্ম নিয়ে নিয়মিত লেখালেখি করতেন।
সভাপতি প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন সাহেব বলেন তিনি শুধু অত্র এলাকার না সমগ্র দক্ষিণ চট্টগ্রামের গুনি ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি আর বলেন ড. মনিরুজ্জামান মরহুম ইসহাক চৌধুরীর সম্বন্ধে এক পত্রিকায় লিখতে গিয়ে বলেন মরহুম ইসহাক চৌধুরী ছিলেন চট্টগ্রামের প্রাচীন লোক ও সাহিত্যের শেষ গবেষক। তিনি আরো বলেন আমরা অত্র এলাকার সন্তান হিসেবে পুঁথি গবেষক মরহুম মুহাম্মদ ইসহাক চৌধুরীর সংগ্রহ, গবেষণা ও সাহিত্য-সংস্কৃতিতে অবদানের কথা স্মরণ করে তাঁর সংগৃহীত পুঁথি, পাণ্ডুলিপি ও লোকঐতিহ্যের যাবতিয় সংরক্ষণ গুলো গ্রন্থাকারে তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও অবদান গুলো গুরুত্বারোপের চেষ্টা করায় হবে আমাদের মূল কাজ।সভাশেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
Leave a Reply