
পটিয়া প্রতিনিধি।
মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি এবং পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আলম সওদাগর।
প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে তিনি গভীর রাতে রান্না করা খাবার নিয়ে ছুটে যান পানিবন্দি পরিবারের দোরগোড়ায়।
রবিবার (১২ জুলাই) গভীর রাতে তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
পাশাপাশি পটিয়া রেলওয়ে স্টেশনে অবস্থানরত শতাধিক কর্মহীন দিনমজুর ও অসহায় মানুষের জন্য রাতের খাবারের ব্যবস্থা করেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তিনি নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, ব্যবসায়ী নেতা আবদুল আলীম, সমাজসেবক নজরুল ইসলাম,আবুল কাশেম,মেহরাজ,সানি,আনোয়ার,আরাফাত,সাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোহাম্মদ নুরুল আলম সওদাগর বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
অনেক পরিবার জলাবদ্ধতার কারণে রান্না করতে পারছে না, অনেক দিনমজুর কাজ না পেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন।
তাই সামর্থ্য অনুযায়ী তাদের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবো।
এলাকার বাসিন্দা আবদুল আজিজ জানান, গভীর রাতে পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
তিনি জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে দাঁড়াতে সকলকে আহবান জানান।
Leave a Reply