
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার শাকপুরা ও খিতাপচর এলাকায় এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে আটক রিমন দেবনাথ (২৫), শান্ত দে (২৫) ও শাহিন আলম লিটনকে (৩২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দণ্ড দেওয়া হয়।
রিমন দেবনাথকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, শান্ত দেকে পাঁচ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং শাহিন আলম লিটনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত রিমন দেবনাথ উপজেলার মধ্যম শাকপুরার বাবুল দেবনাথের ছেলে, শান্ত দে পূর্ব শাকপুরার মৃত মধুসুদন দের ছেলে এবং শাহিন আলম লিটন পশ্চিম খিতাপচরের শাহ আলমের ছেলে।
বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে দণ্ডপ্রাপ্তদের বিধি অনুযায়ী চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
Leave a Reply