
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শাহ আলম বলেন, আগুনে তাঁর নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply