
পটিয়া প্রতিনিধ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও উপহারসামগ্রী দিয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থীরা। জাতীয় সংঘের (ইউনেস্কো) উদ্যোগে ঘোষিত এ দিবসটি সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও ব্যতিক্রমী আয়োজন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮টি শাখায় পৃথকভাবে এ আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষকদের হাতে চকলেট, কলম, শুভেচ্ছা কার্ডসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয় তারা।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সাল থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁদের অবদানের স্বীকৃতি দিতে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা, সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল এবং সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল আবছার, সরোজিত দাশ, শাহনাজ বেগম, নিজাম উদ্দীন ও শাহজাদী বিলকিস আকতারসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান একজন শিক্ষকের জন্য বড় প্রাপ্তি। তাদের এই আয়োজন আমাদের আনন্দিত করেছে। আমরা চাই, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক।’
শিক্ষকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
Leave a Reply