
বোয়ালখালী প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার আট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ৪৮ জন ফরম জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ফরম জমা নেওয়া হয়। চরণদ্বীপে ১০ জন, সারোয়াতলীতে ৯, শাকপুরায় ৮, পোপাদিয়ায় ৭, কধুরখীলে ৫, শ্রীপুর-খরণদ্বীপে ৫, আমুচিয়ায় ৩ এবং করলডেঙ্গায় একজন ফরম জমা দিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ২৯ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই, জনমত ও সাংগঠনিক অবস্থান পর্যালোচনা করা হবে। এ জন্য উপজেলা ভিত্তিক যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন আজিজুল হক, শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন ও মোহাম্মদ শাহীনুর শাহীন। আগামী ১১ অক্টোবর কমিটির সভা হওয়ার কথা রয়েছে। আজিজুল হক বলেন, বোয়ালখালীতে মোট ৪৮টি মনোনয়ন ফরম জমা পড়েছে। ফরম জমা দেওয়ার কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১১ অক্টোবর (রোববার) যাচাই-বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে ইসি সানাউল্লাহ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপে কবে নির্বাচন হবে, তা আগামী সোমবার জানানো হবে।
Leave a Reply