
আলমগীর আলম, পটিয়া।
ফুটবল বিশ্বকাপকে ঘিরে পটিয়া উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি। দলের প্রতি ভালোবাসা, উচ্ছ্বাস ও ফুটবল উন্মাদনায় মুখর হয়ে ওঠে পুরো জনপদ।
বৃষ্টি উপেক্ষা করে শতশত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শুক্রবার বিকেলে পটিয়া পৌরসভা এলাকায় সমবেত হন ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকরা।
পরে ব্রাজিলের পতাকা, ব্যানার ও জার্সি পরিহিত সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশগ্রহণকারীরা ব্রাজিল দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপে দলের সাফল্য কামনা করেন।
সমর্থকদের উচ্ছ্বাসে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও এ আয়োজনে অংশ নেন।
আয়োজকরা জানান, ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা। বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে অংশ নেওয়া কয়েকজন সমর্থক বলেন, বৃষ্টি হলেও তাদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তারা এই আয়োজনে অংশ নিয়েছেন। বিশ্বকাপজুড়ে তারা দলের পাশে থাকবেন এবং দলের সাফল্য কামনা করবেন।
র্যালি শেষে সমর্থকরা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ বড় পর্দায় উপভোগ করার প্রস্তুতির কথাও জানান। এদিকে ব্রাজিল সমর্থকদের এমন বর্ণাঢ্য আয়োজন দেখতে সড়কের পাশে ভিড় করেন অসংখ্য উৎসুক মানুষ। ফলে পটিয়াজুড়ে বিশ্বকাপের আমেজ আরও জোরালো হয়ে উঠেছে।
Leave a Reply