
পটিয়া প্রতিনিধি।
পটিয়ায় নির্মমভাবে নিহত শিশু জায়ানের হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন বৃহস্পতিবার বিকেলে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশু জায়ান হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত সাদিয়া আকতার নিহাসহ গ্রেপ্তারকৃত জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল থেকে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় আবেগঘন বক্তব্য রাখেন নিহত শিশু জায়ানের মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সন্তানকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।
আমি একজন মা হিসেবে আমার সন্তানের হত্যার বিচার চাই। যেন আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।”
তার বক্তব্যে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শিশু জায়ান হত্যার সুষ্ঠু তদন্ত, গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
স্থানীয়রা মনে করছেন, শিশু জায়ান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক বার্তা যাবে এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখবে।
Leave a Reply