
আলমগীর আলম,পটিয়া।
পটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ টাকা, ঢেউটিন, সেলাই মেশিন, হুইলচেয়ার ও সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা এসব সহায়তা তুলে দেন।
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া দুইজনকে সেলাই মেশিন, পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং পাঁচজনকে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
এর আগে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘শুধু সকাল ৯টায় এসে বিকেল ৫টায় চলে যাওয়ার মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ নয়। চেয়ারে বসে আন্তরিকতার সঙ্গে কাজ করতে না পারলে আমাদের লক্ষ্য অর্জন হবে না। একই সঙ্গে সরকার আমাদের কাছ থেকে যে প্রত্যাশা করে, সেটিও অর্জিত হবে না। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে নাগরিকদের অনেক সমস্যা সমাধান করা সম্ভব।’
তিনি বলেন, ‘মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষকে সেবা দিতে হবে। নাগরিক সেবা দিতে গিয়ে কোনো ধরনের গাফিলতি করা সহ্য করা হবে না। আশা করছি, সবাই আন্তরিকভাবে সেবা প্রদান করবেন।’
উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন সমস্যা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ‘পটিয়ার যেসব সমস্যার কথা উঠে এসেছে, সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আইন অমান্য হয়—এমন কোনো কাজ করা যাবে না।’
পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পটিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সৌম্য চৌধুরী, পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম তোহা, সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক আবেদ আমিরী, সাংবাদিক রবিউল হোসেন, সাংবাদিক ওবায়দুল হক পিপলুসহ অনেকে।
এছাড়াও পটিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়বসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা ভূমি অফিস, পটিয়া পৌরসভা, কুসুমপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
Leave a Reply