
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ইকরা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ইকরা ওই এলাকার প্রবাসী বাবলুর মেয়ে। দুই মেয়ের মধ্যে সে ছোট।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে রান্নাঘরের পেছনে খেলছিল ইকরা। এ সময় একটি সাপ তার বাম পায়ের পাতায় কামড় দেয়। পরে সে মাকে গিয়ে জানায়, ‘আম্মু, সাপে কামড় দিছে।’ পরিবারের সদস্যরা দ্রুত তার পায়ে তিনটি বাঁধন দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ইকরার বড় চাচি মাজেদা বেগম জানান, সাপে কামড়ের প্রায় আধা ঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজওয়ান বলেন, শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। তাকে সাপে কামড়ের ওষুধ, অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও সে মারা যায়। সাপটি দেখা যায়নি। তবে লক্ষণ দেখে সাপে কামড়ের ঘটনা বলে ধারণা করা হয়েছে।
Leave a Reply