
পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার কেলিশহর ও বোয়ালখালি উপজেলার করলডেঙ্গা ইউনিয়নকে মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে উল্লেখ করা হয়। এই পথ দিয়ে মাদক পটিয়া ও বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এবার স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলে মাঠে নেমেছেন দুই থানার অফিসার ইনচার্জ (ওসি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেলিশহর ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় স্থানীয় স্কুল মাঠে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। এ সময় মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় নেতৃবৃন্দ।
বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান মন্নানের সভাপতিত্বে এবং পটিয়া কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ও আবুল বশর চৌধুরীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পটিয়া থানার ওসি জিয়াউল হক, বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন, কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আলম, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান বাদল, শাহ আলম, আবুল বশর চৌধুরী, জসিম উদ্দিন মেম্বার, সাদ্দাম হোসেন মেম্বার, মহিদুল আলম জিকু, রহমত উল্লাহ, মো. সাইফু, কামাল হোসেন রকি, প্রিয়লাল দাশ, মো. তোফাইল, মো. জাহিদ, মো. ওহিদুল আলম, মো. জহির উদ্দিন, মো. সাদ্দাম, মো. ওমর, রায়হান, আনিস, মো. কামাল, তানভীর, ইমরান, সাকিব প্রমুখ।
সভায় পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘পটিয়ায় মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিদিন আমাদের অভিযান চলমান রয়েছে। শুধু কেলিশহর ইউনিয়ন নয়, পুরো পটিয়াজুড়ে আমাদের নজরদারি রয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস চলবে না। তরুণ ও যুবসমাজ এগিয়ে এলে মাদকমুক্ত করা সম্ভব।’
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ‘মাদকবিরোধী অভিযান চলাকালে যেন কোনো ধরনের সুপারিশ করা না হয়। মাদকের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।’
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ছোবলে কেলিশহর ও করলডেঙ্গাসহ দুই উপজেলার তরুণ ও যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অনেকে নিঃস্ব হচ্ছেন। পুলিশ প্রশাসন নজরদারি বাড়ালে সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে মাদকের ভয়াবহতা রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply