
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাজারো মানুষের উপস্থিতিতে চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার প্রথম ও সাবেক মেয়র আবুল কালাম আবুর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টায় পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাওলানা অছিউর রহমান আল কাদেরী জানাজার নামাজে ইমামতি করেন। পরে বিকেলে পৌরসভার কোরবান আলী সওদাগর স্মৃতি পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আবু। পরে তার মরদেহ আছদগঞ্জের শুটকি পট্টিতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স কোরবান আলী সওদাগরের সামনে নেওয়া হয়। সেখান থেকে রাত ৮টার দিকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে পৌর প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
আবুল কালাম আবু ২০০৩ সালে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১৪ সালে বোয়ালখালী পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতি, বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
Leave a Reply